লিওনেল মেসিকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার আলোচনায় এখন আর খুব একটা জায়গা নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা, ব্যক্তিগত অর্জন এবং ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে তিনি বহু আগেই নিজের অবস্থান তৈরি করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম শীর্ষ আসনে। তবে ক্যারিয়ারের শেষভাগেও মাঠে নেমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই তার সর্বশেষ উদাহরণ দেখা গেছে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। সেই পারফরম্যান্সের পর আবারও শুরু হয়েছে তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মূল্যায়নের আলোচনা।
ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, এখন আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কের খুব বেশি জায়গা নেই। তার ভাষায়, ‘আর লুকানোর কিছু নেই। এবার পুরো বিশ্বের সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার।’
একই সুর শোনা গেছে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের কণ্ঠেও। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তরুণ এই উইঙ্গার মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেন এবং তাকে ইতিহাসের সেরা হিসেবে উল্লেখ করেন।
ইয়ামাল বলেন, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তিনি। এরপরেও কারো মনে সংশয় থাকে তাহলে বুঝতে হবে ইচ্ছে করেই তারা খুঁত খুঁজছে। এর বেশি কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।’
বিশ্বকাপ মিশনের শুরুতেই আর্জেন্টিনা নিজেদের শক্তির বার্তা দিয়েছে। আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে জয় তুলে নেয় দলটি। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র ছিলেন মেসি, যিনি একাই তিনটি গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে একটি ব্যক্তিগত অপূর্ণতাও দূর করলেন আর্জেন্টিনা অধিনায়ক। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ মঞ্চে হ্যাটট্রিকের অপেক্ষা ছিল তার। এবার সেই অধ্যায়ও পূর্ণ হলো।
বিশ্বকাপের শুরুতেই এমন পারফরম্যান্স আর্জেন্টিনার শিরোপা প্রত্যাশাকে আরও জোরালো করেছে, আর মেসিকে ঘিরে ‘সর্বকালের সেরা’ বিতর্কে নতুন করে যুক্ত করেছে আরেকটি শক্তিশালী যুক্তি।
সিএ/এমই


