বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে দলটি। তবে সেই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ছাড়াই খেলতে হয়েছিল কোচ লিওনেল স্কালোনিকে। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফুটবলার এবার ফিরতে পারেন দ্বিতীয় ম্যাচেই।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান প্রতিপক্ষ অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে পারেদেসকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে দলীয় ব্যবস্থাপনা। যদিও তাকে শুরু থেকেই খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে পারেদেসের অনুপস্থিতি খুব বেশি অনুভূত হয়নি। তবে মিডফিল্ডে অভিজ্ঞতা ও বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার উপস্থিতি আর্জেন্টিনাকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুলের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পারেদেস কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন। সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ার্ধে তাকে ব্যবহার করার।
চোট কাটিয়ে ফেরার প্রস্তুতিতে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন এই মিডফিল্ডার। দলের অন্য সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে কয়েকটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন তিনি। অনুশীলনে তার অংশগ্রহণ এবং শারীরিক অবস্থার উন্নতি কোচিং স্টাফকে আশাবাদী করে তুলেছে।
তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচের দিন পর্যন্ত তার শারীরিক অবস্থার মূল্যায়ন করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চিকিৎসক দল ও ফিটনেস স্টাফের মতামতও গুরুত্ব পাবে একাদশ নির্ধারণে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যেতে পারে পারেদেসকে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে তার প্রত্যাবর্তন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
সিএ/এমই


