খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে লাল রঙের জার্সি প্রতিযোগিতামূলক খেলায় বাড়তি মানসিক সুবিধা এনে দিতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
২০০৪ সালে মনোবিজ্ঞানী রাসেল হিল ও রবার্ট বার্টন অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। একই ধরনের শারীরিক সক্ষমতা ও অভিজ্ঞতার প্রতিযোগীদের মধ্যে লাল ও নীল রঙের পোশাক ব্যবহার করে তাঁদের পারফরম্যান্স বিশ্লেষণ করা হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, লাল জার্সি পরা খেলোয়াড়রা তুলনামূলকভাবে প্রায় ৫ শতাংশ বেশি জয় পেয়েছেন। তবে গবেষকেরা স্পষ্ট করে বলেছেন, কেবল লাল পোশাক পরলেই কেউ ভালো খেলোয়াড় হয়ে ওঠেন না। বরং সমান দক্ষতার দুই প্রতিযোগীর লড়াইয়ে লাল রঙ সামান্য মানসিক সুবিধা এনে দিতে পারে।
গবেষকদের মতে, লাল রঙ আত্মবিশ্বাস ও আধিপত্যের অনুভূতি বাড়াতে ভূমিকা রাখে। একই সঙ্গে প্রতিপক্ষের মনেও অচেতনভাবে চাপ সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় আরও দেখা গেছে, লাল পোশাক পরলে খেলোয়াড়দের হৃৎস্পন্দন ও টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা বৃদ্ধি পায়, যা প্রতিযোগিতার সময় পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফুটবলেও জার্সির রঙ নিয়ে আলাদা গবেষণা হয়েছে। বিশেষ করে পেনাল্টি শটের ক্ষেত্রে গোলরক্ষকের জার্সির রঙ শট নেওয়া খেলোয়াড়ের সিদ্ধান্ত ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। কিছু পরীক্ষায় দেখা গেছে, গোলরক্ষক লাল জার্সি পরলে পেনাল্টি সফল হওয়ার হার তুলনামূলক কমে যায়। গবেষকদের ধারণা, লাল রঙ প্রতিপক্ষের ওপর অদৃশ্য মানসিক চাপ তৈরি করে।
বিজ্ঞানীরা মনে করেন, লাল রঙের প্রতি মানুষের এই প্রতিক্রিয়ার শিকড় মানবজাতির প্রাচীন ইতিহাসে। আদিম যুগে বিপদ, রক্তপাত ও সংঘর্ষের সঙ্গে লাল রঙের সম্পর্ক গড়ে ওঠায় মানুষের মস্তিষ্কে এই রঙ বিশেষ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই বিবর্তনগত প্রভাব আজও মানুষের আচরণ ও সিদ্ধান্তে কিছুটা প্রতিফলিত হতে পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কোনো দলের সাফল্যের মূল ভিত্তি কখনোই জার্সির রঙ নয়। পরিকল্পনা, অনুশীলন, কৌশল, দলগত সমন্বয় ও খেলোয়াড়দের দক্ষতাই জয়ের প্রধান নিয়ামক। তবুও সমমানের প্রতিদ্বন্দ্বিতায় জার্সির রঙ মানসিকভাবে কিছুটা বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
সিএ/এমআর


