অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে তারা হাঁটা বা ব্যায়াম এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার পেছনে বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণ সম্ভব।
হাঁটার সময় পায়ে ব্যথার অন্যতম কারণ হলো পেশির অতিরিক্ত চাপ বা মাসল স্ট্রেইন। হঠাৎ বেশি হাঁটা, দীর্ঘ সময় হাঁটা বা ওয়ার্ম আপ ছাড়া ব্যায়াম শুরু করলে পেশিতে টান পড়ে ব্যথা হতে পারে। এছাড়া প্লান্টার ফ্যাসাইটিস নামক সমস্যায় পায়ের পাতার নিচে প্রদাহ সৃষ্টি হয়, যা হাঁটার সময় তীব্র ব্যথার কারণ হয়।
জয়েন্টের সমস্যা, যেমন হাঁটু বা গোড়ালির অস্টিওআর্থ্রাইটিস থাকলেও হাঁটার সময় ব্যথা বাড়তে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। স্নায়ুর সমস্যা, বিশেষ করে সায়াটিকা থাকলে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যেতে পারে।
রক্ত চলাচলের সমস্যাও একটি গুরুত্বপূর্ণ কারণ। পেরিফেরাল আর্টারি ডিজিজে হাঁটার সময় পায়ে ব্যথা বাড়ে, কিন্তু বিশ্রাম নিলে তা কমে যায়। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সমাধানের জন্য প্রথমেই ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। ব্যথা বেশি হলে কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত। আক্রান্ত স্থানে নিয়মিত বরফ সেঁক দিলে উপকার পাওয়া যায়। পাশাপাশি স্ট্রেচিং ও শক্তি বৃদ্ধির ব্যায়াম পেশিকে সুস্থ রাখতে সহায়তা করে।
আরামদায়ক জুতা ব্যবহার এবং শরীরের ওজন নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ফিজিওথেরাপি নেওয়া যেতে পারে।
সিএ/এমআর


