বদরুল ইসলাম (বরগুনা)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না’তে মুস্তফা’। এ আয়োজনে না’ত পরিবেশন করতে বরগুনায় আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী‘গোল্ডেন ভয়েস’ আবু উবায়দা।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বরেণ্য ক্বারি ও হিফজ, ক্বিরাত প্রতিযোগিতার আন্তর্জাতিক বিচারক শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী। তিনি মা’হাদুল কিরাআত ইনস্টিটিউট, ঢাকার মহাপরিচালক এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা, বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আবু উবায়দা ছাড়াও বরেণ্য নাশিদ শিল্পী মুফতি আব্দুল মুনায়েম খান, মাওলানা আব্দুর রহমান হুসাইনী, মারজান মুহাম্মাদ রুহী (সিলেট), মুহাম্মাদ গোলাম রাব্বী এবং আবু সালেহ মুহাম্মাদ ইয়াহইয়া না’ত পরিবেশন করবেন।
এ ছাড়া অনুষ্ঠানে তালিম প্রদান করবেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব ছাহেব (মা.জি.আ.), প্রধান উপদেষ্টা ও তালিমে তরীকত, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, বরগুনা জেলা।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, বরগুনা জেলা আয়োজিত এ মজলিসে না’তে মুস্তফাকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজনটি সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।


