বদরুল ইসলাম (বরগুনা)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না’তে মুস্তফা’। এ আয়োজনে না’ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর বরগুনায় আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী ‘সুর সম্রাট’ মুফতি আব্দুল মুনয়িম খান।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্বারি ও হিফজ-ক্বিরাত প্রতিযোগিতার আন্তর্জাতিক বিচারক শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী। তিনি মা’হাদুল কিরাআত ইনস্টিটিউট, ঢাকার মহাপরিচালক এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা, বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মজলিসে না’তে মুস্তফায় সুর সম্রাট মুফতি আব্দুল মুনয়িম খান ছাড়াও না’ত পরিবেশন করবেন জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা, মাওলানা আব্দুর রহমান হুসাইনী, মারজান মুহাম্মাদ রুহী (সিলেট), মুহাম্মাদ গোলাম রাব্বী এবং আবু সালেহ মুহাম্মাদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে তালিম প্রদান করবেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব ছাহেব (মা.জি.আ.), প্রধান উপদেষ্টা ও তালিমে তরীকত, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, বরগুনা জেলা।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, বরগুনা জেলা আয়োজিত এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা না’ত শিল্পী ও ক্বারিদের উপস্থিতিকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকরা সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


