হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও চারজন। রোববার (৭ জুন) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় এক নারী বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অন্যদিকে চুনারুঘাট উপজেলায় বেড়াতে এসে প্রাণ হারান রিংকু দেবনাথ। তিনি তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে একটি বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকি পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রাঘাতের আঘাতে রিংকু দেবনাথ ও পিযুষ দেবনাথ দুজনই ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই সময়ে বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামে বজ্রপাতে চার যুবক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম পৃথক এসব হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খোলা মাঠ, উঁচু স্থান ও ভবনের ছাদে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।
সিএ/এমই


