পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬)। আব্দুর রহিম সাতমেরা ইউনিয়নের শিতলীহাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজনের সঙ্গে পুকুরে গোসল করতে যায় দুই কিশোর। একপর্যায়ে তারা পুকুরের গভীর অংশে চলে গেলে পানিতে তলিয়ে যায়। তাদের সাঁতার জানা না থাকায় দ্রুত পানির নিচে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। পরে পুকুরের গভীর পানি থেকে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তারা মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, গোসল করতে নেমে দুই শিক্ষার্থী গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সিএ/এমই


