কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৭ জুন) বিকেলে মহেশখালীর দেবেঙ্গাপাহাড় পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় রংবাহার নামের এক নারীকে আটক করে পুলিশ, যিনি অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। গত ৫ জুন রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরবর্তীতে অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে শিশুটিকে ফেরত দেওয়ার জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর শিশুটির মা সুমি আক্তার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। একই সঙ্গে আটক রোহিঙ্গা নারী রংবাহারকে প্রাথমিকভাবে উখিয়ার কুতুপালং-৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “জিডি হওয়ার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, অপহরণ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমই


