বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম লিওনেল মেসি আবারও নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের বিশেষ এক উচ্চতায়। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন মেসি। একই সঙ্গে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর ১৫ গোলের মাইলফলক।
ম্যাচ শেষে রেকর্ড স্পর্শ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘এত বড় বড় কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় থাকতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বিশেষ করে রোনালদো নাজারিওর মতো একজন ফুটবলারের নামের পাশে নিজের নাম দেখতে পারা সত্যিই গর্বের।’
বিশ্ব ফুটবলের ইতিহাসে রোনালদোর প্রভাবের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘তিনি সর্বকালের সেরাদের একজন। আমি ছোটবেলায় তার খেলা দেখে মুগ্ধ হতাম। তবু তিনি তালিকার এক নম্বরে নেই। এটা দেখলেই বোঝা যায় বিশ্বকাপের ইতিহাস কতটা সমৃদ্ধ এবং এখানে কত বড় বড় খেলোয়াড় খেলেছেন।’
নিজের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে মেসি আরও বলেন, ‘তার মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা হওয়াটাও আমার জন্য বিশেষ কিছু।’
ফুটবলের প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথাও তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এই খেলাটাই আমার জীবন। যখন আমি নিজেকে ভালো অবস্থায় অনুভব করি, তখন মাঠে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘ফুটবল এখনো আমাকে আগের মতোই আনন্দ দেয়।’
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর শুধু রেকর্ডের তালিকায় নিজের অবস্থান শক্ত করেননি মেসি, বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইটাও জমিয়ে তুলেছেন। এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড গড়তে তার প্রয়োজন আর মাত্র একটি গোল। সেই লক্ষ্য পূরণ করতে পারলে বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও একটি অনন্য অধ্যায় যুক্ত হবে আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে।
সিএ/এমই


