টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর নিচু এলাকাগুলোতে হাঁটুপানি থেকে শুরু করে কোথাও কোথাও আরও বেশি পানি জমে যায়। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, কুয়াইশ, কাজির হাট, হালিশহর, সুন্নিয়া মাদ্রাসা রোড এবং আকমল আলী রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং দীর্ঘ সময় ধরে যানজট স্থায়ী হয়।
জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী এবং ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে চকবাজার এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচল কঠিন হয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
নগরবাসী আশা করছেন, বৃষ্টির পানি দ্রুত অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে, যাতে চলমান দুর্ভোগ কিছুটা হলেও কমে আসে।
সিএ/এমআর


