বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের রাস্তা স্পষ্ট দেখা কঠিন হয়ে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির ভেতরে থাকা একটি সাধারণ ফিচার ব্যবহার করেই কয়েক সেকেন্ডের মধ্যে এ সমস্যার সমাধান করা সম্ভব।
বৃষ্টির সময় বাইরের পরিবেশ তুলনামূলক ঠান্ডা থাকে। অন্যদিকে গাড়ির ভেতরে যাত্রীদের শরীরের তাপ ও শ্বাস-প্রশ্বাসের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এই উষ্ণ ও আর্দ্র বাতাস যখন ঠান্ডা কাচের সংস্পর্শে আসে, তখন তা ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং কাচের ওপর একটি পাতলা স্তর তৈরি করে। এ কারণেই কাচ ঝাপসা বা ফগযুক্ত দেখায়।
অনেক চালক এ অবস্থায় বারবার কাপড় দিয়ে কাচ মুছতে থাকেন অথবা এয়ার কন্ডিশনারের তাপমাত্রা পরিবর্তন করেন। যদিও এসি বাতাসের আর্দ্রতা কমাতে সাহায্য করে, তবে ভারী বৃষ্টির দিনে এটি অনেক সময় গাড়ির ভেতর অতিরিক্ত ঠান্ডা পরিবেশ সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে আরও কার্যকর সমাধান হলো গাড়ির হিটার ব্যবহার করা। হিটার চালু করে ব্লোয়ারের বাতাস সরাসরি সামনের উইন্ডস্ক্রিনের দিকে প্রবাহিত করলে কাচে জমে থাকা আর্দ্রতা দ্রুত শুকিয়ে যায়।
হিটার চালু হওয়ার পর গাড়ির ভেতরের বাতাস উষ্ণ হয়ে ওঠে। এই গরম বাতাস কাচের ওপর থাকা ক্ষুদ্র জলকণাগুলোকে দ্রুত বাষ্পে পরিণত করে। ফলে অল্প সময়ের মধ্যেই সামনের ও পাশের কাচ পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায়। একই সঙ্গে গাড়ির অভ্যন্তরীণ তাপমাত্রাও আরামদায়ক থাকে।
হিটার ব্যবহারের সময় এয়ার সার্কুলেশন সেটিংয়ের প্রতিও নজর দিতে হবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ‘ফ্রেশ এয়ার’ মোড চালু রাখতে। এতে বাইরের তুলনামূলক শুষ্ক বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করে এবং জমে থাকা আর্দ্রতা দ্রুত বেরিয়ে যায়।
অন্যদিকে ‘রিসার্কুলেশন’ মোড চালু থাকলে একই আর্দ্র বাতাস বারবার গাড়ির ভেতরে ঘুরতে থাকে। ফলে কাচের কুয়াশা দূর হতে বেশি সময় লাগে এবং অনেক ক্ষেত্রে সমস্যা পুরোপুরি দূর হয় না।
নিরাপদ ড্রাইভিংয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাপড় বা টিস্যু দিয়ে কাচ মুছে ফেলার অভ্যাস এড়িয়ে চলা। এতে সাময়িকভাবে কাচ পরিষ্কার হলেও প্রায়ই দাগ থেকে যায়। বিশেষ করে রাতে বিপরীত দিক থেকে আসা গাড়ির আলো সেই দাগে প্রতিফলিত হয়ে দৃষ্টিসীমা ব্যাহত করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার সময় গাড়ি চালানোর আগে হিটার, ব্লোয়ার এবং ফ্রেশ এয়ার মোড ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করা উচিত। এতে কাচ পরিষ্কার থাকবে, দৃশ্যমানতা বাড়বে এবং যাত্রা হবে আরও নিরাপদ।
সিএ/এমআর


