প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে। তিনি বলেন, এটি অংশগ্রহণের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজনের মধ্যে একটি।
শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে এবার মোট ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ বালক ও ১১ লাখ বালিকা রয়েছে। তিনি আরও জানান, পুরো টুর্নামেন্টজুড়ে এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তার ভাষায়, ‘এটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি রেকর্ড গড়েছি—এমনটা বলতে পারব, ইনশাল্লাহ।’
তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
মাহদী আমিন আরও বলেন, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকশিত হয়। তিনি বলেন, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনে এই খুদে খেলোয়াড়রাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, সরকার ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের পাশে থাকবে এবং শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সিএ/এমই


