বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’। প্রাণীর মাধ্যমে ম্যাচের ফল ভবিষ্যদ্বাণীর পুরনো ধারায় এবারও নতুন করে যোগ হয়েছে এই হাঙরের নাম। তবে আগের ম্যাচে তার পূর্বাভাস ব্যর্থ হলেও এবার ব্রাজিল–হাইতি ম্যাচ নিয়ে নতুন করে অনুমান করেছে সে।
বৃহস্পতিবার (১৮ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও হাইতির মধ্যকার সম্ভাব্য ফলাফল নির্ধারণের চেষ্টা করা হয়। সেখানে হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকযুক্ত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীকটি বেছে নেয় বলে জানানো হয়।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করা সেলেসাওরা এবার জয় খুঁজছে। অন্যদিকে হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে চাপের মধ্যে রয়েছে।
ফুটবল টুর্নামেন্টে প্রাণীর মাধ্যমে ফল ভবিষ্যদ্বাণীর ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে। সেই জনপ্রিয়তার অনুপ্রেরণাতেই রিও অ্যাকুয়ারিয়ামে রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
তবে রিতিনিয়ার এই ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা মিলবে, তা নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই। ব্রাজিল–হাইতি ম্যাচ ঘিরে এখন তাই সমর্থকদের কৌতূহলও নতুন মাত্রা পেয়েছে।
সিএ/এমই


