প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী? নারীর মরদেহ দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি?
উত্তর: ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, পুরুষের মরদেহ ও কাফনে যেমন সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, একইভাবে নারীর মরদেহ ও কাফনেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।
মৃত নারীর মরদেহের পর্দা রক্ষা করা তার অভিভাবক ও স্বজনদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গোসলের সময় যেহেতু কাপড় খোলার প্রয়োজন হয়, তাই মৃত নারীর গোসল অন্য নারীরাই করাবেন।
তবে বিশেষ পরিস্থিতিতে যদি কোনো নারী গোসল করানোর জন্য উপস্থিত না থাকেন, তাহলে মৃত নারীর মাহরাম কোনো পুরুষ কাপড়ের ওপর দিয়ে পানি ঢেলে গোসল করিয়ে দিতে পারবেন। এ সময় মরদেহ স্পর্শ করার প্রয়োজন হলে হাতে কাপড় পেঁচিয়ে স্পর্শ করতে হবে।
এ ছাড়া জানাজার আগে এবং কবরে নামানোর সময়ও নারীর মরদেহের পর্দা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
ফকিহদের একটি অংশের মতে, নারীর মরদেহ কবরে নামানোর সময় থেকে মাটি দেওয়া শেষ হওয়া পর্যন্ত চাদর বা অনুরূপ কিছু দিয়ে কবর ঘিরে রাখা উত্তম। তবে এটি বাধ্যতামূলক বা জরুরি নয়। যেহেতু মরদেহ কাফনের কাপড়ে আবৃত থাকে, তাই কবরের চারপাশে আলাদা করে পর্দা ঝুলিয়ে রাখা আবশ্যক নয়।
সিএ/এমআর


