রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী থেকে ৫২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৪ জন, মিরপুর থেকে ৪১ জন, গুলশান থেকে ২১ জন, উত্তরা থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেন।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি গ্রেপ্তার এবং মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সিএ/এমআর


