গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই। আর সেই পানীয় যদি হয় টক, ঝাল ও মিষ্টির অনন্য মিশ্রণে তৈরি তেঁতুলের শরবত, তাহলে স্বাদের সঙ্গে মিলবে প্রশান্তিও। অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই ঘরে তৈরি করা যায় এই জনপ্রিয় পানীয়।
তেঁতুলের শরবত শুধু স্বাদেই নয়, গরমে ক্লান্তি দূর করতেও বেশ কার্যকর। পরিবারের সদস্য কিংবা অতিথিদের জন্য দ্রুত প্রস্তুত করা যায় এমন এই পানীয় গ্রীষ্মের দিনে হতে পারে একটি চমৎকার আয়োজন।
এই শরবত তৈরির জন্য প্রয়োজন আধা কাপ তেঁতুল, আধা চা-চামচ বিট লবণ, এক টেবিল চামচ কাঁচামরিচ কুঁচি, স্বাদমতো ধনিয়াপাতা কুঁচি, এক টেবিল চামচ চিলি ফ্লেক্স, পরিমাণমতো চিনি, ঠান্ডা পানি এবং পরিবেশনের জন্য বরফ কুচি।
প্রস্তুত প্রণালিতে প্রথমে তেঁতুলের বিচি আলাদা করে নিয়ে তা পানিতে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজানো তেঁতুলের সঙ্গে সব উপকরণ এবং ঠান্ডা পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে।
মিশ্রণটি আরও কিছু সময় রেখে দিলে উপকরণগুলোর স্বাদ একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এরপর ছাঁকনির সাহায্যে শরবত ছেঁকে অন্য পাত্রে নিতে হবে।
পরিবেশনের সময় বরফ কুচি যোগ করলে পানীয়টি আরও সতেজ ও সুস্বাদু হয়ে উঠবে। গরমের দিনে সহজ উপায়ে তৈরি এই শরবত পরিবারের সবাইকে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিতে পারে।
সিএ/এমআর


