মানবদেহের প্রায় ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে পরিচালনার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের তরল ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখে।
এ ছাড়া সকালে পানি পান করলে শরীরের বিপাকক্রিয়া দ্রুত হয়। ফলে খাবার সহজে হজম হয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। নিয়মিত এই অভ্যাস ক্যালোরি দ্রুত বার্ন করতেও সহায়তা করতে পারে।
শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতেও পানির ভূমিকা রয়েছে। সকালে পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় উপাদান বের হয়ে যেতে সাহায্য করে। পাশাপাশি এটি অন্ত্র পরিষ্কার রাখতেও কার্যকর বলে মনে করা হয়।
চিকিৎসকরা বলছেন, সকালে খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে। কারণ এটি পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং মলত্যাগের স্বাভাবিক প্রক্রিয়াকে সহজ করে তোলে।
মাইগ্রেন বা ঘন ঘন মাথাব্যথার ক্ষেত্রেও পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শরীরে পানির ঘাটতি থাকলে মাথাব্যথার ঝুঁকি বাড়ে। তাই সকালে পানি পান করলে ডিহাইড্রেশন কমে এবং মাথাব্যথার ঝুঁকিও কিছুটা হ্রাস পেতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পর্যাপ্ত পানি পান শরীরকে সুস্থ রাখার সহজ ও কার্যকর অভ্যাসগুলোর একটি। তবে অতিরিক্ত পানি পান না করে শরীরের প্রয়োজন অনুযায়ী পানি গ্রহণ করাই সবচেয়ে ভালো।
সিএ/এমআর


