২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের। অন্যদিকে টানা ভালো পারফরম্যান্সে নকআউটের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে জাপান।
মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল জাপান। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় এশিয়ার দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই জাপানকে এগিয়ে দেন দাইচি কামাদা। শুরুর এই গোল তিউনিশিয়াকে চাপে ফেলে দেয়। এরপর আক্রমণের ধার ধরে রেখে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। প্রথমার্ধ শেষ হয় জাপানের ২-০ গোলের লিডে।
বিরতির পরও একই ছন্দ ধরে রাখে জাপান। তিউনিশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও সংগঠিত আক্রমণ গড়ে তুলতে পারেনি। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর গোল ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত করে দেয়।
শেষদিকে আবারও গোল করেন আয়াসে উয়েদা। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই হারের ফলে দুই ম্যাচেই পরাজয়ের তিক্ততা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিশিয়াকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হেরেছিল দলটি।
অন্যদিকে এই জয়ে চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার পথে বড় পদক্ষেপ রাখল জাপান। ধারাবাহিক পারফরম্যান্স ও আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের ইঙ্গিতও দিয়েছে দলটি।
সিএ/এমই


