বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পর মাঠের অর্জনের বাইরে এবার দেশের মাটিতে পেলেন বিশেষ এক সম্মাননা। আর্জেন্টিনায় উন্মোচন করা হয়েছে তাকে উৎসর্গ করে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি।
আর্জেন্টিনার নিউকুয়েন শহরে নির্মিত এই বিশাল ভাস্কর্য তৈরি করেছেন স্থানীয় শিল্পী আলদো বেরোইসা। উচ্চতার দিক থেকে এটি ভারতের ২১ মিটার উচ্চতার আগের মেসি ভাস্কর্যকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন তিনি। তার সেই পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের আলোচনায় জায়গা করে নেয়।
মেসির এই পারফরম্যান্সের পর আর্জেন্টিনাজুড়ে নতুন করে শুরু হয় উচ্ছ্বাস ও উদযাপন। সেই আবহেই দেশের অন্যতম সফল ক্রীড়াবিদকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু একজন ফুটবলার হিসেবে নয়, আর্জেন্টিনার ক্রীড়া ইতিহাসে মেসির অবস্থানকে তুলে ধরার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে এই ভাস্কর্যকে। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ আন্তর্জাতিক ও ব্যক্তিগত অসংখ্য সাফল্যের মাধ্যমে তিনি ইতোমধ্যেই দেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা। সেই অভিযানে মাঠে মেসির উপস্থিতি যেমন দলকে অনুপ্রাণিত করছে, তেমনি দেশের মাটিতে তাকে ঘিরে তৈরি হওয়া এই সম্মাননাও সমর্থকদের আবেগকে আরও উজ্জীবিত করছে।
সিএ/এমই


