বিশ্বকাপ মিশন শুরু করতে বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের গুরুত্ব নিয়ে স্কালোনি বলেন, ‘এটা শুধু একটি ফুটবল ম্যাচ। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। প্রথম ম্যাচটি মৌলিক বা নির্ধারক কিছু নয়। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু প্রথম ম্যাচেই শেষ হয়ে যায় না।’
প্রথম ম্যাচ ঘিরে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বেশি আলোচনা ছিল কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে। তবে কোচ জানিয়েছেন, চোট নিয়ে শঙ্কা থাকলেও দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছেন।
মেসি হালকা হ্যামস্ট্রিং সমস্যায় ছিলেন। অন্যদিকে আলভারেজ গোড়ালির চোট কাটিয়ে উঠেছেন এবং গোলরক্ষক মার্তিনেজও অনামিকা আঙুলের চোট নিয়েই প্রস্তুত আছেন। সবকিছু ঠিক থাকলে তিনজনকেই শুরুর একাদশে দেখা যেতে পারে।
মাঝমাঠে রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ওপর ভরসা রাখতে পারে আর্জেন্টিনা। আক্রমণভাগে মেসি, আলভারেজ ও থিয়াগো আলমাদার সমন্বয় প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
অন্যদিকে আলজেরিয়াও অভিজ্ঞতা ও গতি মিলিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে পারে। রিয়াদ মাহরেজ, হোসেম আউয়ার ও আমিনে গৌরির মতো ফুটবলারদের ঘিরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:
লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি।
সিএ/এমই


