দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্টগুলোতেও জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম।
বৃহস্পতিবার হিলি সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদের বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে সদর দফতর থেকে নির্দেশ পাওয়ার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি এবং ডিউটি জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে; যাতে কোনোভাবেই কেউ অনুপ্রবেশ কেউ করতে না পারে। দেশের শান্তি শৃঙ্খলায় বিজিবি সর্বদাই কাজ করে যাচ্ছে।’
সীমান্ত এলাকায় বিজিবির এই সতর্ক অবস্থানের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সচেতনতা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিএ/এমআর


