নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে কাদাযুক্ত বালু ও পুরনো পিচ থেকে সংগ্রহ করা খোয়া ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কায়েতপাড়া-ডেমড়া সড়কের গুরুত্বপূর্ণ এই অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বৃষ্টির সময় সড়কে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। পরে প্রায় ৩০০ মিটার অংশ ইউনি ব্লক সড়কে রূপান্তরের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা বরাদ্দ দেয়। কাজটি প্রথমে সালাউদ্দিন নামের একজন ঠিকাদার পান, পরে সাব-ঠিকাদার নূর উদ্দিন কাজটি বাস্তবায়ন করছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি খুঁড়ে প্রায় ২০ দিন বন্ধ রাখা হয়, এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। পরে কাজ শুরু হলেও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। পুরনো সড়ক থেকে তোলা খোয়া এবং কাদাযুক্ত মাটি মিশিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি তাদের।
তারা আরও জানান, এভাবে কাজ করলে সড়কটি দ্রুত আবারও ভেঙে পড়বে এবং সরকারের বরাদ্দকৃত অর্থ অপচয় হবে।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া, আনোয়ার হোসেন, আক্কাস আলী ও রাসেল আহমেদসহ অনেকে বলেন, সড়কটি যেন টেকসইভাবে নির্মাণ করা হয় এবং কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার না করা হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে ঠিকাদার নূর উদ্দিন বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। অপ্রয়োজনীয় ও ময়লাযুক্ত মালামাল সরিয়ে ভালো মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, পরে ইউনি ব্লক বসিয়ে কাজ সম্পন্ন করা হবে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, সড়কের ওই অংশে পানি জমার সমস্যা থাকায় জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় কাজ করা হচ্ছে। পুরনো মালামাল ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
সিএ/এমই


