মাদারীপুরে ডাবের দাম নিয়ে বিরোধের জেরে এক ভ্রাম্যমাণ বিক্রেতাকে হুমকির অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভুক্তভোগী আব্দুল করিম বেপারীর অভিযোগ, শুক্রবার রাতে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সার্জেন্ট রফিক তার কাছ থেকে কয়েকটি ডাব কেনেন। ডাবের মোট দাম ১ হাজার ২০০ টাকা হলেও তাকে ৫০০ টাকা দেওয়া হয়। বাকি টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
আব্দুল করিম বলেন, ‘বাকি টাকা চাইলে তিনি আমাকে ভয়ভীতি দেখান এবং একপর্যায়ে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে অভিযুক্ত কর্মকর্তা সেখান থেকে চলে যান।
পরদিন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। এরপর ভুক্তভোগীকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। তার অভিযোগ, সেখানে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখা হয় এবং একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
অভিযুক্ত সার্জেন্ট রফিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। আমি কোনো ডাব খাইনি এবং কাউকে হুমকিও দিইনি।’
পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআর


