কান ফোঁড়ানো সৌন্দর্যচর্চার একটি সাধারণ অংশ হলেও, এতে সঠিক যত্ন না নিলে সংক্রমণসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়ার আগে ও পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কান ফোঁড়ানোর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। যেখানেই এই কাজ করা হোক না কেন, পরিবেশ ও ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত থাকা প্রয়োজন। বাড়িতে ফোঁড়ানোর ক্ষেত্রে সুচ আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফোঁড়ানোর পর নিয়মিত পরিষ্কার রাখা এবং সংক্রমণের লক্ষণ পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে প্রথম কয়েক দিন বাড়তি সতর্কতা জরুরি, যাতে ক্ষত দ্রুত শুকায় এবং কোনো জটিলতা না হয়।
শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। তাদের মানসিক প্রস্তুতি তৈরি করা গুরুত্বপূর্ণ, কারণ অনেক শিশু ভয় পেতে পারে। উপযুক্ত বয়সে এবং তাদের সম্মতি নিয়ে এই কাজ করাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পরবর্তী যত্নের মধ্যে রয়েছে ক্ষতস্থানে হাত না দেওয়া, পরিষ্কার রাখা এবং প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করা। নরম বালিশ ব্যবহার এবং ভেজা থেকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
এ ছাড়া পুষ্টিকর খাবার গ্রহণ ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে। পর্যাপ্ত পানি, ফলমূল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে চললে কান ফোঁড়ানোর পর জটিলতা এড়ানো সম্ভব এবং দ্রুত সুস্থ হওয়া যায়।
সিএ/এমআর


