কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১৬ জুন) ২৭ বছর বয়সী ওই নারী চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেন। এতে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রায় দেড় বছর আগে কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিন (২৬)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, সম্প্রতি বিয়ের বিষয়টি নিয়ে চাপ দিলে আল আমিন বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। পরে গত ৬ জুন সন্ধ্যায় তার বাড়িতে গেলে তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয় এবং তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে আল আমিনের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন এবং তারাও তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি ন্যায়বিচার দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত আল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগ থাকলেও বিয়ের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি এবং মারধর বা লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


