নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান নিয়ে খোঁজখবর নেন।
রবিবার (১৪ জুন, ২০২৬) সকালে নির্ধারিত কর্মসূচির এক ঘণ্টা আগেই, সকাল ৯টার দিকে মন্ত্রী হাসপাতালে পৌঁছান। সকাল ১০টায় নবনির্মিত আইসিইউ বেড উদ্বোধনের কর্মসূচি থাকলেও তিনি আগেই পরিদর্শন শুরু করেন।
হাসপাতালে প্রবেশ করে মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নাম ধরে ডাকতে থাকেন। এ সময় কয়েকজনের অনুপস্থিতি এবং কিছু প্রশাসনিক অসঙ্গতি তার নজরে আসে বলে জানা গেছে।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং সামগ্রিক সেবা পরিস্থিতি ঘুরে দেখেন। বিভিন্ন ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।
পরিদর্শন শেষে তিনি নবনির্মিত আইসিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, মন্ত্রীর আকস্মিক সফরের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। একই সঙ্গে রোগী ও স্বজনরাও স্বাস্থ্যসেবার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে সন্তোষ প্রকাশ করেন।
সিএ/এমই


