খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৪ জুন, ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫)-কে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আরেক মুসল্লি আলম মণ্ডল (৫৫)ও গুলিবিদ্ধ হন।
গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আশঙ্কামুক্ত।
নিহত লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিএ/এমই


