নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে বজ্রপাতে জামাল মুন্সি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, ফজরের নামাজের পর ভোর সাড়ে ৬টার দিকে জামাল মুন্সি গ্রামের আরও কয়েকজন কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে যান। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সঙ্গে থাকা কৃষকেরা পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া জানান, বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার সুযোগও হয়নি।
অপর ঘটনায় কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামে বজ্রপাতে সিএনজিচালক সবুজ মিয়া (ছদ্মনাম) নিহত হন। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী বাজারে গিয়ে টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরেন তিনি। পরে গ্রামের পাশে পানিতে ডুবে থাকা জমিতে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
পরবর্তীতে কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ওসি মোহাম্মদ আল মামুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিএ/এমই


