ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের কাটাখালি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরিশালগামী আল আমিন পরিবহনের সঙ্গে বরিশাল থেকে ভাঙ্গাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত সাতজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিএ/এমই


