জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র মালী (৫০) কাশিড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বীরেন মালির ছেলে। অভিযুক্ত হাসান আলী (৩৫) পার্শ্ববর্তী ঢেকুঞ্চা বাউস্তা গ্রামের বুদা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কাশিড়া হাটে যাওয়ার পথে শ্যামল চন্দ্র মালীর সঙ্গে হাসান আলীর দেখা হয়। এ সময় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্যামল চন্দ্র মালী হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান আলী একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। আঘাতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হাসান আলী এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী তাকে ধাওয়া করে আটক করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। স্ত্রী দীপালী মালী স্বামীর মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন।
দীপালী মালী বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সিএ/এমই


