নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রাঘাতে মো. টিটুল খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খোলা মাঠে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতের ঘটনায় তার প্রাণহানি ঘটে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শালনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত টিটুল খান (৫০) শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে গরুকে পানি খাওয়ানোর জন্য বাড়ি থেকে মধুমতী নদীর চরের দিকে যান টিটুল খান। এ সময় আবহাওয়া স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়।
ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবস্থান করার সময় তার খুব কাছাকাছি বজ্রপাত ঘটে। বজ্রপাতের তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি মারা গেছেন।
ঘটনার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা খোলা মাঠ ও নদী তীরবর্তী এলাকায় বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
সিএ/এমই


