কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত আরশ জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ। তিনি জানান, শিশুটি শুধু হামেই নয়, নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। তবে দেরিতে হাসপাতালে আনা হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শনিবার রাতে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সূত্র: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
সিএ/এএ


