পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা মো. সুমন হাওলাদার।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির এক ছাত্রী, যিনি পারিবারিক কারণে তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। স্কুলে যাওয়া-আসার পথে সুমন তাকে নিয়মিত উত্যক্ত করতেন।
২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটির পর আসামি জোরপূর্বক তাকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি তার মামাকে জানায়।
স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও ভুক্তভোগীর পরিবার তা প্রত্যাখ্যান করে। পরে ১৬ মার্চ ভান্ডারিয়া থানায় সুমন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
সিএ/এমই


