কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহারবান্ধব করে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা বলার গতি এবং কণ্ঠে আবেগের মাত্রা নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৭–এর তৃতীয় বেটা সংস্করণে এ সুবিধা চালু করা হয়েছে। এর আগে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশে ‘শিগগিরই আসছে’ বার্তা দেখা গেলেও, এখন পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারছেন।
নতুন সুবিধার মাধ্যমে শুধু নারী বা পুরুষ কণ্ঠই নয়, বিভিন্ন উচ্চারণের কণ্ঠও নির্বাচন করা যাবে। পাশাপাশি সিরি কত দ্রুত কথা বলবে এবং তার কণ্ঠে কতটা মানবিক আবেগ প্রকাশ পাবে, সেটিও ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবেন। পরিবর্তন করার সময় সিরি কয়েকটি পরিচিত বাক্য শুনিয়ে নতুন কণ্ঠস্বরের নমুনাও প্রদর্শন করবে।
অ্যাপল ধাপে ধাপে সিরিতে আরও উন্নত এআই প্রযুক্তি যুক্ত করছে, যাতে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও স্বাভাবিক ও ব্যক্তিগত অভিজ্ঞতা পান। প্রতিষ্ঠানটির লক্ষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও কার্যকর ও সহজ করে তোলা।
এর আগে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই সেবায় কণ্ঠস্বরের ধরন, কথার ভঙ্গি, আন্তরিকতা কিংবা পেশাদারিত্ব পরিবর্তনের সুবিধা থাকলেও এবার সেই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন নিয়ন্ত্রণ সুবিধা নিয়ে এসেছে অ্যাপল।
নতুন সংস্করণে সিরির সঙ্গে যোগাযোগের একাধিক উপায়ও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি কথা বলে, পর্দায় লিখে, পাশের বোতাম চেপে অথবা আলাদা সিরি অ্যাপের মাধ্যমে সহকারীকে নির্দেশ দিতে পারবেন।
এ ছাড়া আইওএস ২৭–এর নতুন সংস্করণে রিমাইন্ডারস অ্যাপের আইকনেও পরিবর্তন আনা হয়েছে। তবে কয়েকজন পরীক্ষামূলক ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর সাময়িকভাবে তাদের ডিভাইসে নতুন সিরি অদৃশ্য হয়ে গেছে। আবার কারও ফোনে তথ্য নতুনভাবে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা ভবিষ্যতের এআইভিত্তিক অনুসন্ধান সুবিধা চালুর প্রস্তুতির অংশ বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ
সিএ/এমআর


