ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল চূড়ান্ত করতে আজ সভায় বসছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। মোট পাঁচটি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে সংরক্ষিত আসনের নির্বাচন, নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে নির্দেশনা, দুটি আসনের নির্বাচন সংক্রান্ত বিষয়, নির্বাচন সংক্রান্ত মামলা এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা।
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে’র মধ্যে এই নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
তবে নির্বাচন কমিশন এপ্রিল মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আগ্রহী বলে জানা গেছে।
সিএ/এমআর


