পবিত্র কোরআনের ছোট হলেও তাৎপর্যপূর্ণ একটি সুরা হলো নাস্র। এতে ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং মহানবী (সা.)-এর বিদায়ের ইঙ্গিত পাওয়া যায়।
এই সুরায় একদিকে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে, অন্যদিকে মহানবী (সা.)-কে তাঁর জীবনের শেষ সময়ের প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম আয়াতে আল্লাহ নবীজি (সা.)-কে বিজয়ের সুসংবাদ দেন। তাফসিরকারদের মতে, এটি মক্কা বিজয় এবং আল্লাহর বিশেষ সাহায্যের ঘোষণা।
দ্বিতীয় আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন গোত্র একসঙ্গে ইসলাম গ্রহণ করতে শুরু করে।
তৃতীয় আয়াতে আল্লাহ নবীজি (সা.)-কে তসবিহ ও ইস্তিগফারের নির্দেশ দেন। বলা হয়েছে, ‘তবে আপনি আপনার রবের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয়ই তিনি পরম তওবা কবুলকারী।’
ইসলামি চিন্তাবিদরা মনে করেন, এই নির্দেশে কৃতজ্ঞতা প্রকাশ এবং বিনয়ের শিক্ষা রয়েছে। একই সঙ্গে এটি নবীজি (সা.)-এর পার্থিব জীবনের সমাপ্তির ইঙ্গিত বহন করে।
হাদিসে বর্ণিত আছে, এই সুরা নাজিল হওয়ার পর রাসুল (সা.) নামাজে বিশেষ করে রুকু ও সিজদায় দোয়ার পরিমাণ বাড়িয়ে দেন। তিনি নিয়মিত পড়তেন, ‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি’।
ইবনে আব্বাস (রা.) বলেন, এই সুরা ছিল রাসুল (সা.)-এর ইন্তেকালের সংবাদ, যা তাঁকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
সুরা নাস্র মুসলমানদের শেখায়, জীবনের প্রতিটি সাফল্যে বিনয়ী থাকা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


