দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ১৫টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।
শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে এই ঝড়ের প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সিএ/এমআর


