ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলার অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সৌদি আরব ও কয়েকটি ভ্রাতৃদেশকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বিষয়টি নিয়ে তেহরানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় চারটি দেশে নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে লন্ডন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এসব দেশে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
সিএ/এমআর


