শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দফতরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাবে না এবং কাউকে দুর্নীতিতে জড়াতে দেওয়া হবে না।
শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষা হলো রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। ভিত্তি দুর্বল রেখে ওপরের কাঠামো মজবুত করা সম্ভব নয়।
শিক্ষার মানোন্নয়নে তিনি তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন—পাঠ্যক্রম, শ্রেণিকক্ষ ও সামঞ্জস্যতা। তার মতে, বাংলা, ইংরেজি, কারিগরি ও মাদ্রাসা ধারার শিক্ষার মধ্যে মানগত সমন্বয় আনা জরুরি।
ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ইংরেজি শেখার আগে বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষায় ভাষা ও গণিতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের কথাও জানান।
দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দাফতরিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সিএ/এমআর


