বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে দলের পারফরম্যান্স, বিশেষ করে অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর ভূমিকা।
ম্যাচ শেষে বিশ্লেষণে অংশ নিয়ে ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরি রোনালদোর পারফরম্যান্স নিয়ে সরাসরি মন্তব্য করেন। তার মতে, আক্রমণভাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলীয় প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত গোলের দিকে বেশি মনোযোগ দেখা গেছে।
অঁরি বলেন, ‘একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ—দলের গোল দরকার, আপনার গোল নয়।’
তিনি বিশেষভাবে দ্বিতীয়ার্ধের একটি আক্রমণ নিয়ে কথা বলেন। তার বিশ্লেষণ অনুযায়ী, একটি আক্রমণাত্মক পরিস্থিতিতে পর্তুগালের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও সুযোগ তৈরি করলেও আক্রমণের শেষ অংশে কাঙ্ক্ষিত সমন্বয় দেখা যায়নি।
অঁরির ভাষ্য, রোনালদো যদি ভিন্নভাবে অবস্থান নিতেন, তাহলে আক্রমণে আরও কার্যকর সুযোগ তৈরি হতে পারত।
তিনি বলেন, ‘তিনি (রোনালদো) নিজেই গোল করতে চেয়েছিলেন, ফলে ব্রুনো ফার্নান্দেসের পথও বন্ধ হয়ে যায়। এতে প্রতিপক্ষের জন্য রক্ষণ সামলানো আরো সহজ হয়ে পড়ে।’
ম্যাচজুড়ে রোনালদো প্রত্যাশামতো প্রভাব রাখতে পারেননি বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছে। আক্রমণে সক্রিয় থাকার চেষ্টা করলেও গোলমুখে কার্যকর উপস্থিতি দেখা যায়নি। এর ফলে বড় আন্তর্জাতিক আসরে তার গোলের অপেক্ষাও আরও দীর্ঘ হয়েছে।
তবে ম্যাচ শেষে হতাশা প্রকাশ না করে দলকে ঘিরে ইতিবাচক অবস্থানই তুলে ধরেছেন রোনালদো।
তিনি বলেন, ‘কিছুই কম ছিল না। ফুটবল এমনই। আমরা জিততেও পারতাম, আবার হারতেও পারতাম।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের উদ্দেশে বার্তা দেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদো লিখেছেন, ‘এটা আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’
গ্রুপপর্বে এখনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে পর্তুগালের সামনে। ফলে সমালোচনার জবাব মাঠে দিয়ে দলকে এগিয়ে নিতে পারেন কি না, সেটিই এখন নজরে থাকবে।
সিএ/এমই


