লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তার সঙ্গে ছিলেন বর্তমান প্রেমিকা মার্কিন পপ তারকা কেটি পেরি।
স্টেডিয়ামের একটি লাক্সারি বক্স থেকে ম্যাচটি উপভোগ করেন তারা। এর আগে কেটি পেরি একই ভেন্যুতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন বলে জানা গেছে।
বিশ্বকাপ ঘিরে জমকালো আয়োজনের অংশ হিসেবে ওই দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শক। সেই ভিড়ের মাঝেই ট্রুডো ও কেটি পেরির একসঙ্গে উপস্থিতি আলাদা নজর কাড়ে।
তবে ট্রুডোর এই উপস্থিতি নিয়ে কানাডার কিছু ফুটবল সমর্থকের মধ্যে অসন্তোষও দেখা গেছে। সমালোচকদের অভিযোগ, নিজের দেশের গুরুত্বপূর্ণ ম্যাচ না দেখে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে যাওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেকে তাকে সমালোচনা করে মন্তব্য করেছেন, যেখানে তাকে ‘প্রতারক’ বলেও অভিহিত করা হয়।
ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে তাদের ঘনিষ্ঠতার আলোচনা শুরু হয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাদের একসঙ্গে দেখা যায়।
সবশেষ ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্ট ফিল্মের উদ্বোধনীতে রেড কার্পেটে একসঙ্গে হাঁটার মাধ্যমে তারা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।
সিএ/এমই


