বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মরক্কো। শক্তির ভারসাম্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং র্যাঙ্কিং—সব মিলিয়ে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে থাকবে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা আফ্রিকান দল মরক্কো, যারা শেষ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে চমক দেখিয়েছিল।
বাংলাদেশে এখনো বিশ্বকাপের উত্তাপ পুরোপুরি ছড়িয়ে না পড়লেও ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়ছে। রাতের এই ম্যাচ ঘুম ত্যাগ করেও দেখবেন সমর্থকদের বড় একটি অংশ।
অন্যদিকে ব্রাজিল ম্যাচ মানেই আর্জেন্টিনা সমর্থকদেরও আলাদা নজর। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে কথার লড়াইও চলছে জোরেশোরে।
তবে মাঠের লড়াইয়ে কে এগিয়ে—তা জানা যাবে ম্যাচ শেষেই। তার আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কিছুটা ধারণা দিচ্ছে।
এখন পর্যন্ত ব্রাজিল ও মরক্কো তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুইবার জয় পেয়েছে ব্রাজিল এবং একবার জিতেছে মরক্কো, ফলে পরিসংখ্যানে ২-১ ব্যবধানে এগিয়ে সেলেসাওরা।
প্রথম দুই দেখায় ব্রাজিল ছিল দাপুটে। ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারায় তারা। পরের বছর বিশ্বকাপ মঞ্চে আরও বড় ব্যবধানে ৩-০ গোলের জয় পায় ব্রাজিল।
তবে সর্বশেষ সাক্ষাতে পাল্টে যায় চিত্র। ২০২৩ সালের প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দল কাছাকাছি অবস্থানে। ব্রাজিল রয়েছে শীর্ষ ছয়ের মধ্যে, আর মরক্কোও সেরা দশের ভেতরে থাকায় লড়াইটি কাগজে-কলমে বেশ সমানতালেই দেখা হচ্ছে।
সব মিলিয়ে শক্তি ও ফর্ম—দুই দিক থেকেই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব।
সিএ/এমই


