ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অপ্রত্যাশিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘শক দ্য হক’ নামের একটি বাজপাখি। টুর্নামেন্টের শুরু থেকেই ম্যাচের ফল নিয়ে তার দেওয়া পূর্বাভাস নিয়ে কৌতূহল তৈরি হয়, আর দ্বিতীয় ম্যাচেও সেই আগ্রহ আরও বেড়ে গেছে।
উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের ফল সঠিকভাবে অনুমান করার পর দ্বিতীয়বারের মতো পরীক্ষার মুখে পড়ে এই বাজপাখি। এবার তার সামনে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখানো মরক্কোর ম্যাচ।
ম্যাচের আগে দুই দলের পতাকা সামনে রেখে শকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। শুরুতে তার আচরণ দেখে অনেকের মনে হয়েছিল ব্রাজিলের পক্ষেই ইঙ্গিত দিচ্ছে সে। তবে শেষ মুহূর্তে কোনো একটি দলকে স্পষ্টভাবে বেছে নেয়নি।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনুমান করতে শুরু করেন, ম্যাচটি হয়তো ড্র হতে পারে। শেষ পর্যন্ত মাঠের ফলও সেদিকেই গেছে।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১–১ গোলে ড্র করে। ফলে শকের আচরণকে ঘিরে তৈরি হওয়া আলোচনা নতুন করে গতি পেয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া দুটি ম্যাচের ফলই মিলিয়ে ফেলায় বাজপাখিটির নাম আরও বেশি ছড়িয়ে পড়েছে ফুটবল সমর্থকদের মধ্যে।
অবশ্য এমন পূর্বাভাসকে অনেকেই বিনোদনের অংশ হিসেবেই দেখছেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মাঠের বাইরের নানা ঘটনা, প্রতীকী আয়োজন ও সমর্থকদের অংশগ্রহণ প্রায়ই বাড়তি আলোচনার জন্ম দেয়।
টানা দুইবার ফল মিলে যাওয়ার পর এখন নজর পরবর্তী পূর্বাভাসে। সামনে মিশর ও বেলজিয়ামের ম্যাচকে ঘিরে আবারও আলোচনায় এসেছে ‘শক দ্য হক’। এবারও তার অনুমান মেলে কি না, সেটিই দেখার অপেক্ষা।
সিএ/এমই


