নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন হালনাগাদের ফলে ব্যবহারকারীরা এখন একই ইন্টারফেস থেকে তথ্য অনুসন্ধান, লাইভ কথোপকথন, ভাষান্তর এবং গান শনাক্ত করার মতো বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রথমে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন ইন্টারফেসের তথ্য প্রকাশিত হয়েছিল। এবার ধাপে ধাপে সেই হালনাগাদ সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে শুরু করেছে গুগল।
এতদিন ভয়েস সার্চ ব্যবহারের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা ছিল। ব্যবহারকারী কথা বলার সময় সামান্য বিরতি নিলেই সিস্টেম ধরে নিত যে বক্তব্য শেষ হয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান শুরু করত। ফলে অনেক ক্ষেত্রে পুরো প্রশ্ন বা নির্দেশনা দেওয়ার আগেই সার্চ চালু হয়ে যেত।
নতুন সংস্করণে এই সমস্যার সমাধান হিসেবে একটি বিশেষ ব্লু পিল বাটন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘অটো সার্চ’ সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। ফলে নিজের সুবিধামতো কথা বলা শেষ করে অনুসন্ধান শুরু করার সুযোগ মিলবে, যা ভয়েস সার্চ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
নতুন ইন্টারফেসে চারটি অতিরিক্ত সুবিধাও যুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘লাইভ’ ফিচার। এই সুবিধা ব্যবহার করে জেমিনি লাইভের মতো ধারাবাহিক কথোপকথন চালিয়ে যাওয়া যাবে। অর্থাৎ প্রতিবার নতুন করে অনুসন্ধান শুরু না করেই একাধিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
গান শনাক্তকরণ সুবিধা আগে থেকেই ভয়েস সার্চে ছিল। তবে এটি মূলত আশপাশের শব্দ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করত। নতুন সংস্করণে এই সুবিধাকে আলাদা অপশন হিসেবে যুক্ত করায় ব্যবহারকারীরা সরাসরি গান শনাক্ত করার ফিচার চালু করতে পারবেন।
এ ছাড়া নতুন অনুবাদ সুবিধার মাধ্যমে কোনো শব্দ, বাক্য বা কথোপকথন অন্য ভাষায় রূপান্তর করা যাবে। ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুগল জানিয়েছে, নতুন যুক্ত হওয়া অনেক সুবিধাই আগে তাদের বিভিন্ন অ্যাপ ও সেবায় ছড়িয়ে ছিল। তবে এবার সব সুবিধাকে একই ইন্টারফেসে নিয়ে আসায় ব্যবহারকারীরা সহজে সেগুলো ব্যবহার করতে পারবেন। এর ফলে ভয়েস সার্চ শুধু তথ্য অনুসন্ধানের মাধ্যম নয়, বরং আরও বিস্তৃত ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
সিএ/এমআর


