কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন এআই সুবিধার পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সফটওয়্যার সমস্যার সমাধানও তুলে ধরা হয়েছে।
সম্মেলনের শুরুতেই অ্যাপল জানায়, ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতা উন্নত করাই এখন তাদের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটির সফটওয়্যার বিভাগের প্রধান ক্রেইগ ফেদেরিগি বলেন, বড় পরিবর্তনের পাশাপাশি ছোটখাটো ব্যবহারিক সমস্যাগুলোর সমাধানেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত কয়েক বছরে অ্যাপলের সফটওয়্যার নিয়ে নানা ধরনের অভিযোগ সামনে আসে। বিশেষ করে নতুন ডিজাইন, তথ্য অনুসন্ধান ব্যবস্থা এবং ফাইল আদান-প্রদানের সুবিধা নিয়ে ব্যবহারকারীদের অসন্তোষ ছিল। এবারের সম্মেলনে প্রথমেই এসব সমস্যার সমাধানের বিষয়গুলো তুলে ধরে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের আলোচিত ‘লিকুইড গ্লাস’ ডিজাইন নিয়েও ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কাচের মতো স্বচ্ছ এই নকশার কারণে অনেকের লেখা পড়তে অসুবিধা হচ্ছিল। নতুন আপডেটে ব্যবহারকারীরা স্বচ্ছতার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে আগের তুলনায় আরও স্পষ্ট ও সহজে পড়া যায় এমন ইন্টারফেসও ব্যবহার করা যাবে।
এ ছাড়া কম্পিউটারের টুলবার এবং অ্যাপ আইকনেও পরিবর্তন আনা হচ্ছে। অ্যাপল বলছে, এসব পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত এবং সহজে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন সফটওয়্যার আপডেটের ফলে আইফোন ও আইপ্যাডে অ্যাপ চালুর গতি ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। ছবি প্রদর্শনের গতি ৭০ শতাংশ পর্যন্ত উন্নত হবে। পাশাপাশি ফাইল আদান-প্রদানের কার্যক্রমও আগের তুলনায় দ্রুত হবে।
অ্যাপল জানিয়েছে, পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের কথাও বিবেচনায় রাখা হয়েছে। ২০১৯ সালে বাজারে আসা আইফোন ১১ মডেল থেকেও নতুন কর্মক্ষমতা উন্নয়নের সুবিধা পাওয়া যাবে।
তথ্য অনুসন্ধানের ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ফিচারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি ই-মেইলে গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রদর্শনের সুবিধা যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অ্যাপেও নতুন সুবিধা যোগ করা হয়েছে। বিশেষ করে নারীদের বিভিন্ন স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল উন্নত সংস্করণের সিরি। অ্যাপলের কণ্ঠভিত্তিক সহকারী এখন ব্যবহারকারীর কথার প্রসঙ্গ আরও ভালোভাবে বুঝতে পারবে এবং শুধু প্রশ্নের উত্তর নয়, বিভিন্ন কাজ সম্পন্ন করতেও সহায়তা করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন সিরি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।
এ ছাড়া অ্যাপলের এআই প্রযুক্তি ওয়েবসাইট বিশ্লেষণ, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন বিভিন্ন কাজ সহজ করতে ব্যবহৃত হবে। বার্তা আদান-প্রদানের সময় কথোপকথনের প্রেক্ষাপট বুঝে উত্তর দেওয়ার পরামর্শও দিতে পারবে নতুন ব্যবস্থা।
ছবি সম্পাদনা ও তৈরির ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন আরও কার্যকরভাবে ছবি তৈরি, সম্পাদনা এবং অপ্রয়োজনীয় অংশ অপসারণ করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এআই খাতে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে সেই ব্যবধান কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের আস্থা আরও শক্তিশালী করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
সিএ/এমআর


