ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। এই আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আগে জেমিনি ব্যবহার করে লেখা বা তথ্য তৈরি করা গেলেও সেটিকে ব্যবহারযোগ্য ফাইলে রূপ দিতে আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হতো।
নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দেশনা দিলেই জেমিনি স্বয়ংক্রিয়ভাবে পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড (ডকএক্স) ও এক্সেল (এক্সএলএসএক্স) ফাইল তৈরি করতে পারবে। পাশাপাশি গুগল ডকস, শিটস ও স্লাইডস ফাইল তৈরির সুযোগও যুক্ত হয়েছে। এ ছাড়া সিএসভি, টেক্সট, আরটিএফ, মার্কডাউন ও ল্যাটেক্স ফাইলও তৈরি করা সম্ভব হবে। ফলে কনটেন্ট তৈরি থেকে ফাইল সংরক্ষণ—সবই এক জায়গা থেকে করা যাবে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীর নির্দেশনা বিশ্লেষণ করে চ্যাট চলাকালীন সময়েই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় ফাইল তৈরি করবে জেমিনি। এরপর সেটি সরাসরি ডাউনলোড করা যাবে বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা সম্ভব হবে। এতে অতিরিক্ত ধাপ কমে গিয়ে কাজের গতি বাড়বে।
তবে বর্তমানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ফাইলে সরাসরি এক্সপোর্ট সুবিধা যুক্ত করা হয়নি। তাই উপস্থাপনা তৈরি করতে হলে গুগল স্লাইডসে তৈরি করে সেটি পিপিটি ফাইল হিসেবে ডাউনলোড করতে হবে।
সূত্র: টেকলুসিভ
সিএ/এমআর


