দেশের স্মার্টফোন বাজারে গেমারদের জন্য নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘হট ৭০’ মডেলের এই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দীর্ঘ সময় গেম খেললেও ডিভাইস অতিরিক্ত গরম না হয়।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করে। একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার কিংবা ভারী গেম খেলার ক্ষেত্রেও ব্যবহারকারীরা স্বচ্ছন্দ অভিজ্ঞতা পাবেন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকায় গেমিংয়ের সময় গ্রাফিক্স আরও মসৃণ ও প্রাণবন্ত দেখা যাবে।
ব্যাটারি বিভাগেও রাখা হয়েছে বড় সুবিধা। এতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি দ্রুত চার্জ করাও সম্ভব হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি, যা চার্জিংয়ের সময় সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে এবং অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়া কমায়।
ক্যামেরা সুবিধার দিক থেকেও ফোনটি ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারে। এতে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস প্রধান ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
স্টোরেজ হিসেবে ফোনটিতে ১২৮ জিবি মেমোরি দেওয়া হয়েছে। র্যামের ক্ষেত্রে দুটি সংস্করণ রয়েছে—৪ জিবি এবং ৬ জিবি। দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ২১ হাজার ৯৯৯ টাকা।
সূত্র: ইনফিনিক্স বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি
সিএ/এমআর


