জর্দানে পবিত্র কোরআন মুদ্রণ ও নকশা কার্যক্রমকে আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে ওয়াক্ফ, ইসলাম ও পবিত্র স্থানবিষয়ক মন্ত্রণালয়ের প্রিন্টিং ডিরেক্টরেটের অধীনে ‘হলি কোরআন বিভাগ’ চালু করা হয়েছে।
গত ১ মে উদ্বোধন হওয়া এই বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন ওয়াক্ফ ও ইসলাম বিষয়ক মন্ত্রী মুহাম্মদ আল-খলিলেহ। এ সময় মন্ত্রণালয়ের মহাসচিব ড. ইসমাইল আল-খতিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রিন্টিং ডিরেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মুদ্রণব্যবস্থা আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে কোরআন মুদ্রণ এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আল-খলিলেহ বলেন, আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে উৎপাদন প্রক্রিয়া আরও উন্নত হবে, মুদ্রণের নির্ভুলতা বাড়বে এবং সামগ্রিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে আল্লাহর কিতাবের সেবা ও প্রচার কার্যক্রম আরও বিস্তৃত হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রিন্টিং ডিরেক্টরেটকে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে মানসম্মত একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এই খাতে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
প্রিন্টিং ডিরেক্টরেটের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আল কুদুমি জানান, কোরআন মুদ্রণ ও নকশার পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকাশনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মুদ্রণ কার্যক্রম পরিচালনার জন্য বিভাগটি প্রস্তুত রয়েছে। তিনি জানান, এই প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে একটি অলাভজনক ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল এবং এখন তা আধুনিকায়নের নতুন ধাপে প্রবেশ করেছে।
সিএ/এমআর


