পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন।
সর্বশেষ বুলেটিন অনুযায়ী, হজে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। মৃতদের মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।
সিএ/এমআর


